অবশেষে বার্সেলোনার জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষেক হয়ে গেলো ৩৮ বছর বয়সী দানি আলভেসের। বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সময় মধ্যরাতে লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে মাঠে নামেন তিনি। এতে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে জাভির শীষ্যরা। এর মধ্য দিয়ে নতুন বছরে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো তারা।
বিগত ২০২১ সালটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে বার্সেলোনা ও দলটির সমর্থকরা। বছরটিতে একের পর এক হারে কেবল পরাজয়ের বৃত্তেই থেকেছে তারা। তাইতো নতুন বছরে নতুন শুরুর আশ্বাস দিয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। সেই অনুয়ায়ী দল সাজানোতেও তার পরিকল্পনায় ভিন্নতা এসেছে।
এখনো পরিকল্পনা পুরোপুরি কাজে না লাগানো গেলেও জয়ের ধারাবাহিকতায় ফিরেছে কাতালান ক্লাবটি। নতুন বছরে এরই মধ্যে দুই ম্যাচে মাঠে নেমেছে বার্সা। দুটিতেই জয় তুলে নিয়েছে তারা। যার সর্বশেষটি গত রাতে।
যদিও এই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল বার্সা। ১৯ মিনিটেই দিয়াজ সানচেজের গোলে এগিয়ে যায় লিনারেস দেপোর্তিভো। প্রথমার্থে আর গোল শোধ করতে পারেনি বার্সেলোনা। তখন কিছুটা হলেও ভয় ধরেছিল, এই বুঝি আবারও পয়েন্ট হারাতে যাচ্ছে তারা। তবে সেই শঙ্কা দূর করে দিয়েছেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মিনগুয়েজার এসিস্টে বার্সাকে সমতায় ফেরান ফরাসি এই ফরোয়ার্ড। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরান জুটগ্লা। গঞ্জালেজ ইগলেসিয়াসের এসিস্টে গোল আদায় করে নেন এই তরুণ।
