বইয়ের রিভিউ লিখে পুরস্কার পেয়েছেন ১০জন তরুণ। অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান ‘কানামাছি ডট কম’ এই বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-আরশাদ আন আলিব, আলী মোহাম্মদ, সানজিদা আক্তার, স্বপ্না রাজবংশী, শাহরিয়ার ইমন আলভী, মোহাইমেন অর্ক, নুসরাত বর্ষা, জোবায়ের রুবেল, ফয়েজ ইবনে জাফর ও জিতু হক।
রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, কবি গোলাম কাদের ও কবি আরিফ নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে কবি নরুল হুদা বলেন, নিশাত ইসলামের উপন্যাসে সবচেয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটি হলো মানবিকতার পরিচয়। তিনি একজন মানবিক মানুষ হিসেবেই নিজেকে উপস্থাপন করেছেন। উপন্যাসটি পড়তে পড়তে অনেকেরই হয়তো মনে হবে, এটি আমারই জীবন। মানুষ যখন তার জীবনকে কোনোকিছুতে খুঁজে পায়, তখন সেটিই বড় পাওয়া। সে হিসেবে এটি একটি বড়প্রাপ্তি।
আয়োজক প্রতিষ্ঠান কানামাছি ডট কমের পরিচালক মাহবুব সেতু বলেন, কথাসাহিত্যিক নিশাত ইসলামের বই নিয়ে এই বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে এ রকম প্রতিযোগিতার আরও আয়োজন করা হবে। এর মধ্যে দিয়ে সৃজনশীল তরুণদের বইয়ের সঙ্গে সখ্যতা গড়ে উঠবে।
অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পর সাহিত্যিক নিশাত ইসলামের জন্মদিন উদযাপন করা হয়।
