আগুন পোহাতে গিয়ে দুইদিনে ৩ নারীর মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৪০

খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত দুইদিনে তিন নারীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বুধবার সন্ধ্যায় দুইজন ও বৃহস্পতিবার একজন মারা যান। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া তিন নারী হলেন-দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার তারামনি রায় (৮৫), কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আশা রানী (৪৫) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোসপুর গ্রামের শামসুন্নাহার বেগম (৫৫)।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহিন শাহ জানান, শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে ঘটছে এমন দুর্ঘটনা। দগ্ধদের অধিকাংশই নারী ও শিশু। বর্তমানে দগ্ধ অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটসহ অন্য ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ২২ জন রোগী।  
 

 

ইত্তেফাক/ইউবি