২ মাস পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:০৯

পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে বন্ধ হওয়া রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল দীর্ঘ দুই মাস পর চালু হয়েছে। স্বস্তি ফিরেছে এই রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী, পরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকদের মধ্যে ।

রাজবাড়ী সওজ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পদ্মা নদীর পানি যদি না কমে, তাহলে ফেরী চলাচল আগামীতে বন্ধ হওয়ার আশঙ্কা নাই। তবে বিআইডব্লিউটিএ যদি ড্রেজিং করে তাহলে ১২ মাসই এই নৌরুটে ফেরি চলাচল সম্ভব। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, জৌকুরা ঘাট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীতে জেগে ওঠা চরে নতুন ঘাট স্থাপন করা হয়েছে। জৌকুরা-নাজিরগঞ্জ নৌরুটে দুটি ইউটিলিটি (ছোট) ফেরি দিয়ে যানবাহন, পরিবহন ও যাত্রী পারপার করা হচ্ছে। ফেরি ছাড়াও দুটি লঞ্চ ও কয়েকটি ট্রলার নৌরুটে যাতায়াত করে। 

গত ৮ নভেম্বর থেকে ঘাট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রাজবাড়ীর সড়ক ও জনপদ (সওজ) বিভাগ নাব্য সংকটের কারণে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ফলে এই পথ দিয়ে দক্ষিণবঙ্গের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলোর সব পরিবহন ও যানবাহন উত্তরবঙ্গের পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত বন্ধ হয়ে যায়। জৌকুরা ঘাটের ইজারাদার মোস্তাফিজুর রহমান শরীফ বলেন, গুরুত্বপূর্ণ এই নৌরুটে পুনরায় ফেরি চালু হওয়ায় স্তস্তি ফিরে এসেছে যাত্রী, যানবাহন ও পরিবহন চালকদের মধ্যে।

রাজবাড়ী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, নদীতে নাব্য সংকটের কারণে ফেরিঘাটের সমস্যা হওয়ায় গত এক নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে জৌকুড়া প্রান্তে বিকল্প অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হওয়ায় গত ৩ জানুয়ারি থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। এই নৌরুটে দুটি ফেরি নিয়মিত চলাচল করবে। 

 

 

ইত্তেফাক/ইউবি