সূচকের বড় উত্থান, লেনদেন ১৬০০ কোটি টাকা ছাড়িয়েছে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২০:১৩

নতুন বছরের শুরুতে চাঙ্গা শেয়ারবাজার। গত কয়েক দিনে মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বাড়ছে। নতুন বছরের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব কটি মূল্যসূচক বেড়েছে।

সূচক বাড়ার পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। গতকাল ডিএসইতে প্রায় দেড় মাস বা ৩৩ কার্যদিবস পর ১ হাজার ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সেই সঙ্গে ৯টি প্রতিষ্ঠানের শেয়ার দিনের দাম বাড়ার সর্বোচ্চসীমা স্পর্শ করেছে। অবশ্য সিএসইতে লেনদেন কিছুটা কমেছে।

বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে উঠে এসেছে। আগের চার কার্যদিবসে সূচকটি বাড়ে ১৭১ পয়েন্ট। এর ফলে নতুন বছরের প্রথম পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ল ২২৮ পয়েন্ট। প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এবং ডিএসই শরিয়াহ্ সূচক। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা। লেনদেন শুধু আগের দিনের তুলনায় বাড়েনি, ৩৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ২১ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়। এরপর বৃহস্পতিবারের আগে বাজারটিতে আর ১ হাজার ৬০০ কোটি টাকার লেনদেন হয়নি।

ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৭৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—পাওয়ার গ্রিড, লাফার্জহোলসিম বাংলাদেশ, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, লাভেলো ও অ্যাকটিভ ফাইন।

 ডিএসইতে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ২৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৫টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

 

 

ইত্তেফাক/ইউবি