ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আফসার আলীর লাঠির আঘাতে ছোট ভাই নাসিরউদ্দিনের (৫০) মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নাসিরউদ্দীন হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বসতবাড়ির জমি নিয়ে বিবাদের এক পর্যায়ে বড় ভাই আফসার ছোট ভাইয়ের নাসিরুলের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে নাসিরুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নাসিরুলকে দিনাজপুর নেওয়ার পথে বিকেল ৩টায় সে মারা যায়।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তথ্য সংগ্রহ করা হয়। ঘটনার পর থেকে বড় ভাই আফসার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
