মুখে মাস্ক, শরীরে থাকা হুডি দিয়ে মাথা ঢাকা। স্টেডিয়ামে এসে সোজা জিমে চলে গেলেন। উপস্থিত গণমাধ্যমকর্মীদের সিংহভাগই বুঝতে পারেননি শেরেবাংলায় এসেছেন মাশরাফি বিন মুর্তজা।
মেদহীন শরীর, চুলছাঁটা, লিকলিকে গড়নে ২০ বছরের তরুণের ছায়া। যদিও বয়সের ঘর ৩৮-এ গিয়ে ঠেকেছে। দীর্ঘদিন পর মিরপুর স্টেডিয়ামে জিম করার পর একাডেমি মাঠে কিছুক্ষণ বোলিংয়ের ড্রিলও করলেন মাশরাফি। নেটে থাকা মাহমুদউল্লাহকে বোলিং করলেন। বিপিএলের প্রস্তুতিই কার্যত শুরু করেছেন নড়াইল এক্সপ্রেস।
এত শুকিয়ে যাওয়া মাশরাফিকে দেখে মাহমুদউল্লাহ বলছিলেন, ‘ভাই, আপনি পুরো হ্যাঙ্গার হয়ে গেছেন।’ সাবেক এ অধিনায়কের ফিটনেস সবারই নজর কেড়েছে। বোলিংয়ের সময় কিছুটা পিঠে টান লাগছে, ব্যাক পেইন কমলে আগামী সপ্তাহেই ছন্দে ফেরার আশা করছেন মাশরাফি। গতকাল ছোট রানআপে পরখ করছিলেন, ব্যাক পেইন কতটা সমস্যা করে।
আর সবার মতো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়ে উদ্বেলিত মাশরাফি। তার নেতৃত্বেও কয়েকবার নিউজিল্যান্ডে জয়ের সুযোগ এসেছিল কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য শিকে ছিঁড়েনি। এবার জয়ের খাতা খুলেছে মুমিনুল হকের দল।
মাশরাফি বলছেন, এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। অধিনায়ক মুমিনুলকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘দারুণ। বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিত এটাই সর্বোচ্চ জয় (সাফল্য)। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কি না নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় নেই। এখান থেকে ভাবলে শূন্য থেকে এত বড় জয় দারুণ ব্যাপার।’
নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের বার্তা ছিল এমন, বিশ্বের যে কোনো কন্ডিশনে জয় সম্ভব। মাশরাফি বলেন, ‘যারা আছে তারা হয়ত দলকে প্রেরণা যুগিয়েছে যে হারানোর কিছু নেই। নিজেদের ওপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে। কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়, নিজেদের আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব।’
তামিম-সাকিব নেই, তারুণ্যে ভরা দল। এই দলটার মাধ্যমেই স্মরণকালের সেরা সাফল্য এনে দিলেন মুমিনুল। তার নেতৃত্ব নিয়ে বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘এত সমালোচনা এতকিছু। ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে। পরে কি হবে এটা পরের ব্যাপার। কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে। এখন দলে যারা আছে, বাইরে থেকে দেখছি সাকিব তামিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকেই বুস্ট আপ করেছে।’
