শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২১-এ ২২ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সেরা পুরুষ অ্যাথলেট ও সেরা নারী অ্যাথলেটের পুরস্কারটাও গিয়েছে নৌবাহিনীর ঘরে।
আসিফ বিশ্বাস ৫ হাজার মিটার ও ম্যারাথনে স্বর্ণ এবং ৩ হাজার মিটার দৌড় ও চার গুণিতক ১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পেয়ে সেরা পুরুষ অ্যাথলেট হয়েছেন। সেরা নারী অ্যাথলেট শামসুন্নাহার রত্না ৮০০ মিটার, ১ হাজার ৫০০ মিটার ও ৫ হাজার মিটারে স্বর্ণ এবং ৩ হাজার মিটারে রৌপ্য পেয়েছেন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৩৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১১টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক পেয়ে সেনাবাহিনী রানার্স-আপ এবং তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক পেয়ে বিমান বাহিনী ৩য় স্থান অধিকার করে।
