‘এই গান দুটিকে আমার মিউজিক ভিডিও মনে হয়নি। কারণ একটি সিনেমার গানে যা যা থাকা দরকার সব ছিল এতে। বলতে পারেন, মিউজিক ভিডিও হলেও সিনেমার গানের আমেজ ছিল গানগুলোতে। অনেক বড় আয়োজনে শুটিং করেছি আমরা। মিমি চক্রবর্তীর সঙ্গে যে গানটি রাজস্থানে শুটিং করেছি সেখানে খুব বেশি শুটিং কেউ করেনি। এছাড়া তমা মির্জার সঙ্গে যে গানটি শুটিং সিলেটে করেছি, সেটিও ভিন্ন আমেজে করা হয়েছে।’—সিনেমার বাইরে গিয়ে মিউজিক ভিডিওতে অভিনয়ের কারণ জানতে চাইলে কথাগুলো বলেন চিত্রনায়ক নিরব।
সম্প্রতি গান দুটির কাজ শেষ করেছেন তিনি। দুটি গানই লিখেছেন ও কম্পোজিশন করেছেন কৌশিক হোসেন তাপস এবং মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু ও বাবা যাদব।
এছাড়া নিজের চলচ্চিত্র ব্যস্ততা প্রসঙ্গে নিরব আরেও বলেন, ‘সেন্সর পেয়েছে রৌদ্রছায়া ও অমানুষ চলচ্চিত্র দুটি। এখন মুক্তির পরিকল্পনা চলছে। এর বাইরে ছায়াবৃক্ষ ছবিটির ডাবিং শুরু করব এই মাসে এবং ক্যাসিনো ছবিটিরও ডাবিংয়ের কথা চলছে। শিগগিরই কাজটি শেষ করার ইচ্ছে আছে। এছাড়া কয়লা ছবির দ্বিতীয় লটের কাজ শুরু করব। পাশাপাশি হাতে রয়েছে জলকিরণ ও ফিরে দেখা ছবিগুলোর কাজ।’
এদিকে করোনার ধকল কাটিয়ে আবারো নতুন ছবি হলে ফিরেছে। বেশ কয়েকটি বিগ বাজেট ও গল্প নির্ভর ছবি মুক্তি পেলেও দর্শক সেভাবে ফেরাতে পারেনি সিনেমাগুলো। এ নিয়ে জানতে চাইলে নিরব বলেন, ‘দেখুন, দীর্ঘদিন বন্ধ থাকার পর হলে নতুন ছবি ফিরেছে। হল থেকে দর্শকরা দূরে থাকায় আগের মতো তাদের নিয়মিত হতে সময় দিতে হবে। আমার বিশ্বাস ধীরে ধীরে আবারো দর্শকরা হলমুখী হবেন।’
