জোকোভিচ ইস্যুতে সার্বিয়া-অস্ট্রেলিয়ার কূটনৈতিক জটিলতা!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২:১১

অস্ট্রেলিয়া থেকে এখনো ছাড়া পাননি বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এদিকে, তার দেশ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ অভিযোগ তুলে বলেছেন, টেনিস তারকার প্রতি অস্ট্রেলিয়া ‘নির্মম’ আচরণ করছে।

এর আগে সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছিলেন, বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হলেও জোকোভিচের জন্য কোনো নিয়ম পরিবর্তন করবে না অস্ট্রেলিয়া। সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।

জানা গেছে, জোকোভিচের করোনা প্রতিষেধক টিকা ছিল না। এ কারণেই এই টেনিস তারকাকে এখন দেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ সময় বুধবার (৫ জানুয়ারি) মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে নামেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলার উদ্দেশে তিনি সেখানে যেতে চেয়েছিলেন।

টিকার শর্ত শিথিল করেই তাকে ভিসা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ার এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে অনুমতি পান। কিন্তু এখন হঠাৎ করেই তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিসাও বাতিল করা হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক জটিলতা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা না নেওয়ার ছাড়পত্র পাওয়ার পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি জোকোভিচ।

তাকে আটকে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা সারদিয়ান জোকোভিচ। রাশিয়ান সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘তাকে (জোকোভিচ) আজ রাতে (বুধবার) অন্ধকূপে ফেলা হতে পারে। আগামীকাল শিকল দিয়ে বেঁধেও রাখা হতে পারে। কিন্তু সত্যটা হলো সে পানির মতো। পানি নিজের রাস্তা তৈরি করে নেয়। নোভাক এই নতুন বিশ্বের স্পার্টাকাস। সে অবিচার, ঔপনিবেশিকতা ও ভণ্ডামো সহ্য করবে না।’

ইত্তেফাক/টিএ