নামাজ পড়তে গিয়ে বাসের চাকায় প্রাণ গেলো ২ জনের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬:১৫

যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন। নামাজ পড়ার জন্য মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি গ্রামের আকরাম মণ্ডলের ছেলে আবিদ আলী মণ্ডল (৬০) ও একই গ্রামের কুবাদ আলী (৬২)।

বাসের যাত্রীরা জানান, মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফিরছিলেন তারা। রাত ৮টার দিকে এশার নামাজের জন্য বাসটি থামানো হয়। কয়েকজন যাত্রী নামাজ পড়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী রূপসা পরিবহনের বাস (যশোর-ব-১১-০১৯৬) ঐ দুজনকে পিষ্ট করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঘাতক বাসটি চেঙ্গুটিয়া বাজার থেকে উদ্ধার করা হয়েছে। চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়েছে।

ইত্তেফাক/এমএএম