ক’দিন আগেই নিজের বাবার অভিভাবকত্ব থেকে মুক্ত হয়েছেন মার্কিন পপ শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। এরপর নিজের মতো করে জীবনকে উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। প্রতিনিয়তই তার কর্মকাণ্ডের নানা ছবি ও মন্তব্য শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আয়নার সামনে তোলা সেই ছবিগুলো ক্যাপশনে তিনি ‘মুক্ত নারী শক্তি’র জয়গান গেয়েছেন।
ক্যাপশনে তিনি আরো লিখেছেন, এতদিন তিনি ভালো কখনো ভালো অনুভব করেননি। এর আগে গত সেপ্টেম্বরে অভিভাবকত্বের বেড়াজাল থেকে মুক্ত হয়েই জনপ্রিয় এই গায়িকা তার বাগদত্তা স্যাম আসগরির সঙ্গে অবকাশ যাপন করতে যান। সে সময়ও একই ধরনের ছবি শেয়ার করেছিলেন। এছাড়া সে সময় তিনি একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে তাকে স্বাধীনতা উদযাপনের মতো আনন্দে মেতে থাকতে দেখা যায়। ভিডিওটিতে তিনি ম্যাডোনার সঙ্গে নাচতে দেখা যায়।
ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি জানি আমাকে ম্যাডোনার সঙ্গে নাচতে দেখে আপনাদের অদ্ভুত লাগছে। আমি চেষ্টা করেছি মাত্র। দেখাতে চেয়েছি তার সংগীত আমাকে কীভাবে প্রভাবিত করে। এমন মুক্ত জীবনের জন্য দীর্ঘ ১৩টি বছর অপেক্ষা করেছিলাম। যদিও এ নিয়ে অনেকেই আমার সমালোচনা ও ট্রল করেছেন। ঘৃণিত মন্তব্য করতে দ্বিধা করেননি। যা আমাকে ব্যথিত করেছে। কিন্তু আমার পরিবার আমাকে শিখিয়েছে স্বার্থপর হতে এবং শুধু নিজেকে ভালোবাসতে। আমি আপনাদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন। তবে আমি মনে করি পৃথিবীতে প্রত্যেকের কথা বলা, ড্রাইভ করা, আনন্দ করা, পার্টিতে অংশ নেওয়া থেকে শুরু বিভিন্নভাবে নিজের জীবনকে উপভোগ করার অধিকার আছে।’
উল্লেখ্য, এর বাইরে ব্রিটনি স্পিয়ার্স তার সন্তানদেরকে অগ্রাধিকার দিচ্ছেন। এই কাজে তার পাশে রয়েছেন স্যাম আসগরি।

সালমানের কাছে ফিরতে পারলেন না ক্যাটরিনা!