চলতি বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। এবার ক্রিকেট ডিসিপ্লিনে মেয়েদের টি-টোয়েন্টি ইভেন্ট হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য গেমসের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির উইমেন্স উইং। স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিন ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে সালমা খাতুনকে বাদ দিয়ে অধিনায়ক করা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। তবে ঘোষিত দলটাতে সবচেয়ে আলোচিত বিষয় জাহানারা আলমের বাদ পড়া। ডানহাতি এ অভিজ্ঞ পেসারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। তবে সালমা, রুমানা রয়েছেন দলে।
জাহানারার বাদ পড়ার কারণ জানাননি নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। মুঠোফোনের কলই ধরেননি তিনি। মূল দল থেকে প্রথম বার বাদ পড়লেন জাহানারা। আজই মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী দল। সূচি অনুযায়ী আগামীকাল দেশটিতে পৌঁছানোর পর সাত দিন কোয়ারেন্টাইন করতে হবে। ১৭ জানুয়ারি স্বাগতিকদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ১৮ জানুয়ারি কেনিয়া, ১৯ জানুয়ারি মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড, ২৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আজমিন। স্ট্যান্ড বাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।
