দামপাড়ায় এসপি ফেরদৌস

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০:০৫

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ এখন পর্যন্ত অনেক মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাতে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে ‘দামপাড়া’ সিনেমাতে অভিনয় করছেন। 

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান এবং নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন। প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক। 

দামপাড়া সিনেমায় প্রধান চরিত্র এসপি শামসুল ইসলামের ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌস

সিনেমাটি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘দামপাড়া মূলত বাংলাদেশ পুলিশের বীরত্ব ও দেশপ্রেমের গল্পের সিনেমা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রশাসনের ভেতরে থেকেও যারা লড়াই চালিয়ে গেছেন ও যুদ্ধ করেছেন এমন অনেকেই আছেন যাদের কথা ইতিহাসে খুব বেশি উল্লেখ করা হয়ে ওঠেনি, এসপি শামসুল ইসলাম তেমনই একজন। চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইনসে অস্ত্রের গুদাম ঘর ছিলো এসপির দায়িত্বে। পাকিস্তানি আর্মিরা তার কাছে সেই অস্ত্রের গুদাম ঘরের চাবি চেয়েছিলো। কিন্তু এসপি শামসুল ইসলাম আর্মিদের সাথে একটি গেম খেলে সমস্ত অস্ত্র চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দেন। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানিদের লক্ষ্য ছিল কী করে এসপি শামসুল ইসলামকে হত্যা করা যায়। শেষ পর্যন্ত তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুনও করে পাকিস্তানিরা। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায় না।’

মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইনসে অস্ত্র গুদামের দায়িত্বে ছিলেন এসপি শামসুল ইসলাম, সিনেমায় যাঁর ভূমিকায় আছেন ফেরদৌস

কয়েকদিনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়ে যাবে। এতে ফেরদৌসের বিপরীতে অর্থাৎ এসপি শামসুল ইসলামের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন ভাবনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের বীরত্বগাঁথা গল্প নিয়ে এমন একটি সিনেমা নির্মাণ বাংলাদেশের পুলিশের ভাবমুর্তিকে আরও উজ্জ্বল করবে, এমনটাই আশাবাদ ফেরদৌসের। উল্লেখ্য, ‘হঠাৎ বৃষ্টি’, ‘গঙ্গাযাত্রা’, ‘এক কাপ চা’, ‘কুসুম কুসুম প্রেম’ ও ‘পুত্র’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ফেরদৌস আহমেদ।

ইত্তেফাক/আরএম