ঢাকায় গত বৃহস্পতিবার ১৬তম কুইন্স ব্যাটন রিলে এসে পৌঁছেছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কুইন্স ব্যাটন রিলে সারা বিশ্বের ৭২টি কমনওয়েলথ দেশ ও অঞ্চল ভ্রমণ করবে।
এই বিশ্বভ্রমণ শেষ হবে ২৮ জুলাইয়ে অনুষ্ঠিতব্য বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসের আগে। কুইন্স ব্যাটন রিলের বাংলাদেশ সফর উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশন একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, খ্যাতিমান বাংলাদেশি ক্রীড়া শুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ কুইন্স ব্যাটন ব্রিটিশ হাইকমিশনে বহন করে নিয়ে আসেন। ব্রিটিশ হাইকমিশনে ব্যাটনটিকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েক জন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ বিভিন্ন সুশীল সমাজ, সংস্থা, যুব সংস্থা, ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠান ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কমনওয়েলথ দেশের মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী ও কমনওয়েলথের মাধ্যমে বন্ধনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে কুইন্স ব্যাটন রিলের আগমন ব্রিট-বাংলা বন্ধনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কুইন্স ব্যাটন রিলের আগমন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নতুন মাত্রা যোগ করবে এবং কমনওয়েলথের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলবে।

অর্থনৈতিক উন্নয়নে পর্যটনকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর