ডেমরায় অসহায় ও দুঃস্থদের মধ্যে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০১:৫৮

রাজধানীর ডেমরায় ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে করিম জুট মিলস প্রাঙ্গণে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জিওসি লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিক্যাল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের সব প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

শীতবস্ত্র বিতরণ করছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

ইত্তেফাক/এএএম