ফোকগান আগের মতো নেই: সাবরিনা 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৩:২৫

‘মানুষের রুচির পরিবর্তন হওয়ায় ফোকগান আগের মতো নেই। সবাই এখন নাচ-গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন। ফলে এখন শিল্পীর চেয়ে পারফর্মার বেশি হয়ে গেছে।’—ফোকগানের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাইলে কথাগুলো বলেন সংগীতশিল্পী সাবরিনা সাবা। বর্তমানে ফোক ও নিজের সলো গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে তিনি। 

নিজের ব্যস্ততা নিয়ে তিনি আরও বলেন, ‘আমার এ মন কাঁদে শিরোনামের আমার একটি সলো গান শিগগিরই রিলিজ হবে। এছাড় ডিজে রাহাত ভাইয়ের সঙ্গে ৫টি ফোকগানের কাজ করেছি। যার দুটি মিউজিক ভিডিও আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। এর বাইরে বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে ডুয়েট গানের কাজ করছি।’ 

এদিকে বর্তমান সময়ে অনেকেই একটি গান তৈরি করতে গিয়ে মিউজিক ভিডিওকে প্রাধান্য দিচ্ছেন। এ নিয়ে নানা নেতিবাচক আলোচনা-সমালোচনা রয়েছে। 

গানের চেয়ে মিউজিক ভিডিওতে বেশি জোর দেওয়ায় গানের মান কমছে কি-না বা মিউজিক ভিডিওর প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে?—এমন প্রশ্নে সাবরিনা আরো বলেন, ‘দর্শকরা শোনার পাশাপাশি দেখতে চায়। যে কারণে অনেকেই দামি মিউজিক ভিডিও তৈরি করছে এবং ভাইরাল হতে চাচ্ছে। ফলে গানের মান দিনদিন কমে যাচ্ছে। আমার মনে হয় আমাদের গানের মানের দিকে আরো বেশি নজর দেওয়া উচিত। কারণ দেখা বিষয়টি ক্ষণিকের, কিন্তু শোনার বিষয়টি দীর্ঘস্থায়ী। একই ধরনের জিনিস মানুষ দেখতে দেখতে মুখ ফিরিয়ে নেয়। তবে শ্রোতারা ভালো একটি গান যেকোনো সময় ইচ্ছে করলেই শুনতে পারে বা শুনতে চায়।’ 

অন্যদিকে করোনার প্রকোপ কমার পর থেকে আবারও স্বরূপে ফিরছে দেশের সংগীতাঙ্গন। এরইমধ্যে কনসার্টে মুখর হতে শুরু করেছে সবাই। সাবরিনাও বেছে বেছে কনসার্টে অংশ নিচ্ছেন। তবে কনসার্ট বা গানের ক্ষেত্রে নিজের সম্মানীর বিষয়টিতে ছাড় দিতে বরাবরই নারাজ বলে জানান এই সংগীতশিল্পী 

ইত্তেফাক/এএএম