সিলেটের সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে আজ।
রবিবার (৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন। গত ২৭ ডিসেম্বর দুদক এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই তারিখ ধার্য করেন।
গত ৫ জুন পার্থ গোপাল বণিককে জামিন দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত জামিন পেলেও ২ সেপ্টেম্বর সেই জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে গত ২০ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে আদেশ অনুযায়ী গত ১৯ সেপ্টেম্বর পার্থ গোপাল বণিক বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করা হয়। পরে মামলাটি পাঠানো হয় ৫ নম্বর আদালত থেকে বদলি করে ৪ নম্বর বিশেষ জজ আদালতে।
২০১৯ সালের ২৮ জুলাই পার্থর গ্রিন রোডের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮০ লাখ টাকা। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সহকারী পরিচালক মো. সালাউদ্দিন তার বিরুদ্ধে মামলা করেন। পরে পার্থ গোপালকে গ্রেপ্তার দেখানো হয়।
