কোনো অভিযোগে ছাড়াই প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদ মুক্তি পেয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ জানুয়ারি) মানবাধিকারবিষয়ক সংস্থা এএলকিইএসটি তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
টুইটার পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তার কন্যাকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়।
২০১৯ সালের মার্চ মাসে আটক করা হয় ৫৭ বছর বয়সী এই সৌদি রাজকুমারীকে। সেসময় চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা এখনো অজানা। এমনকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
গত তিন বছর রাজকুমারী বাসমাকে রাজধানী রিয়াদের কড়া নিরাপত্তাবেষ্টিত আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারে রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়ে থাকে।
এনডিটিভি জানায়, রাজকুমারী বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা। বাসমা সাবেক সৌদি রাজার ১১৫ সন্তানদের একজন। যিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সৌদি আরব শাসন করেছিলেন।
