ঈশ্বরদীতে সড়কে ঝরলো ২ প্রাণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০০:০২

পাবনার ঈশ্বরদীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

রবিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুর এলাকার দিকশাইল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজির যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার মোতালেব হোসেনর পুত্র বাবুল (২৫) ও সিএনজি চালক পরাগ। তবে পরাগের বিস্তারিত ঠিকানা এখনও জানা যায়নি।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল বাশার জানান, রাতে পাবনা থেকে আসা একটি সিএনজির সঙ্গে গরু টানা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী বাবুল এবং সিএনজি চালক পরাগের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। ভটভটি ও সিএনজি আটক করা হয়েছে। তবে ভটভটি চালক পলাতক বলে তিনি জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কালিকাপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়।

ইত্তেফাক/এমআর