ক্রাইস্টচার্চ টেস্ট: দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৬:৪৭

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন বাংলাদেশি বোলাররা। এদিন যে উল্লেখ করার মতো তেমন কোনো সফলতা পায়নি তারা। তবে সোমবার (১০ জানুয়ারি) দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪২৩ রান। অর্থাৎ এই সেশনে ৭৩ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ২১৫ রান করে ব্যাট করছেন অধিনায়ক টম লাথাম।

লাথামের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। ছবি: গেট্টি ইমেজ

দ্বিতীয় দিন সকালে কিউরা ব্যাট করতে নামার সময় তাদের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান। প্রথম দিন শেষে একাই ১৮৬ রান করে অপরাজিত ছিলেন স্বাগতিক অধিনায়ক টম লাথাম। অপর অপরাজিত ব্যাটার ডেভন কনওয়ে ৯৯ রান করেছিলেন। আর তাদের দুজনের জুটি ছিল ২০১ রানের। সোমবার সেখান থেকে দলীয় খাতায় আর মাত্র ১৪ রান যোগ করতেই এই রেকর্ড জুটি ভেঙে যায়।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। কাভার থেকে সিঙ্গেল নিতে গিয়ে রানআউটের শিকার হয়েছেন ডেভন কনওয়ে। স্ট্রাইক প্রান্তে মিরাজের সরাসরি থ্রো স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে। ১৬৬ বল মোকাবিলায় ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কনওয়ে।

সেঞ্চুরি করে ফিরে গেছেন ডেভন কনওয়ে। ছবি: গেট্টি ইমেজ

এর পরই ব্যাট করতে নামেন নিজের শেষ টেস্ট খেলতে নামা অভিজ্ঞ রস টেলর। এ সময় তাকে গার্ড অব অনার দিয়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা। কিন্তু মাত্র ২৮ রান করে ফিরে গেছেন তিনি। এবাদত হোসেনের বলে ক্যাচ ধরেছেন আরেক পেসার শরিফুল। এর কিছুক্ষণ পর আবারও এবাদতের আঘাত। এবার তার শিকার হেনরি নিকোলস। রানের খাতা খেলার আগেই উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দেন কিউই এই ব্যাটার। ড্যারিল মিচেলও কিছু করতে পারেননি। মাত্র ৩ রান করেই শরিফুল ইসলামের বলে কটবিহাইন্ডের শিকার হয়েছেন তিনি। প্রথম দিনের একমাত্র উইকেটটিও শিকার করেছিলেন এই পেসার।

 

ইত্তেফাক/টিএ