আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘মুজিববিহীন বাংলায় জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার স্বার্থকতা নিয়ে আসবে।’
সোমবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নানক এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই বাংলা মা-কে স্বাধীন করেছিল। পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধু মুজিব থাকার কারণে বঙ্গবন্ধুবিহীন বাংলায় ছিল স্বাধীনতার অপূর্ণতা। সেই ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোনও প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নানক বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি উৎসব, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে সামনে নিয়ে নৌকা মার্কায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আওয়ামী লীগের ভিতরে দলীয় প্রার্থীকে নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব, বিভক্তি নেই। মানুষ ঐক্যবদ্ধ। ডা. সেলিনা হায়াৎ আইভী গত নির্বাচনে ৮৪ হাজার ভোটে জয়লাভ করেছিল। এবার ইনশাল্লাহ লক্ষাধিক ভোটে জয়লাভ করবে।’
