নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২০:০৬

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) দিবসটি উদযাপন করা হয়। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময়ে নেতৃত্ব দেন দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। 

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিকেলে দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময়  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। 

দূতাবাসের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ রাষ্ট্রপতির বাণী ও মিনিস্টার (বাণিজ্য) ড. এ. কে. এম. আতিকুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব চ্যান্সেরি মো. শফিউল আলম। 

ছবি: ইত্তেফাক

এ সময়ে বাংলাদেশ হাই কমিশন নয়াদিল্লির পক্ষ থেকে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় যাতে স্থান পায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নয়াদিল্লি ও ঢাকায় বিভিন্ন সমাবেশের দুর্লভ চিত্র।

সবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্য এবং কারাগারে নিহত জাতীয় ৪ নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার শান্তি কামনা এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন হাইকমিশনার মোহাম্মদ ইমরান।

বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বিজয় নিশ্চিত হওয়ার প্রায় ১ মাস পরে আজকের এই দিনে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে পা রাখেন।

ইত্তেফাক/এএএম