আবারও রিলিজ স্থগিতের সংকটে ফিল্ম ইন্ডাস্ট্রি

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৩৮

তবে কী আবারও ছবি জটলায় পড়তে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি? এ প্রশ্ন এখন প্রায় সকলের। করোনা সংকট কিছুটা স্থিতিশীল হওয়ামাত্রই বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ কিছু আশা জাগানিয়া ফিল্ম রিলিজ হয়েছে। সেই ধারাবাহিকতায় আবারও কী বাত্যয় ঘটবে কী না? সিনেমা নির্মাতাদের সেই সংশয় এখন।

২০২১ এ যেমন বিগ বাজেট মুভি মিশন এক্সট্রিম রয়েছে, তেমনি দারুণ সামাজিক গল্পের মৃধা বনাম মৃধা বা রাত জাগা ফুল এর মতো ছবিও রয়েছে। নির্মাতারা নিজের মেধা মননকে কাজে লাগিয়েই নির্মান করছেন এ সময়ের ছবিগুলো। পাশাপাশি একাধিক দেশি বিদেশি ওটিটি প্লাটফর্মে নিয়মিত মুক্তি পাচ্ছে একাধিক ওয়েব ফিল্ম। তবে মন খারাপের গল্পেই যেন বছরটা শুরু হয়। সিয়াম-পুজার বহুল প্রতিক্ষিত ‘শান’ ছবিটি মুক্তির সমস্ত প্রস্তুতি স্বত্ত্বেও পেছাতে হলো। বর্তমান করোনা পরিস্থিতির কারণে শান ছবিটি রিলিজ স্থগিত করা হয়।

চিত্রনায়িকা পূজা বলেন,‘আমরা গত দুই সপ্তাহ কোনো কাজ করিনি। একটি ছবি নিয়ে টোটাল ইউনিটের একটা শ্রম থাকে। এখন বিষয়টা তো আমাদের হাতে নেই কারোর।’

অভিনেতা সিয়াম বলেন,‘আমি যখন ছবিটা নিয়ে প্রচারনায় একটি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি তখন শুনি যে আমাদের ছবি মুক্তি স্থগিত হয়ে গেছে। যাই হোক সবকিছুই নিশ্চয়ই ওপরওয়ালা ভাল’র জন্যই করেন। সে অপেক্ষায় রয়েছি।’

তবে ২০২১ এ বাংলাদেশী চলচ্চিত্রের যে সুবাতাস বইছে, তাতে এটুকু স্পষ্ট ভাল গল্পের ছবি তৈরি হচ্ছে। তরুণ মেধাবী নির্মাতাদের হাত ধরে গল্প প্রধান ছবি তৈরি হচ্ছে এদেশে।

এ প্রসঙ্গে ‘রাত জাগা ফুল’ ছবির নির্মাতা অভিনেতা মীর সাব্বির বলেন,‘ছবির গল্পই মানুষকে টানবে। কারণ এখন দর্শকেরা সারাবিশের ক্লাসিক থেকে ব্লকবাস্টার সবধরণের ছবিই দেখে অভ্যস্ত। আমাদের দর্শকেরা অনেকেই জানে না ইতালির সুপারস্টার কে? শুধু ছবির গল্পটা তাকে টানছে বলেই সে ছবিটি দেখতে বসছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সাবস্ক্রাইব করছে। এই বিষয়টিই আমাদের জন্য সবচেয়ে উপযোগী। তরুন নির্মাতাদের জন্য সবচেয়ে আশা জাগানিয়া খবর।’

‘মৃধা বনাম মৃধা’ ছবির অভিনেত্রী নোভা বলেন, ‘গল্পই এখনকার ছবির মূল রসদ। তবে এখানে সবাইকে সৎ থাকতে হবে। হুট করে অমুকের পরিচিত, তমুকের পরিচিত বলে কাস্টিং নিলে ছবির মূল ব্যবসায় তার প্রভাব পড়বে।’

এদিকে নতুন বছরের শুরুতে একদিকে যেমন বড় বাজেটের ছবি মুক্তিতে ভয় পাচ্ছে। ঠিক অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন কোলাহল তৈরি হয়েছে। তবে গত দুই বছরে একাধিক নির্মাতার তৈরি ছবি আটকে আছে মুক্তির পাচ্ছে। নতুন বছরে সেই সংকট পেরিয়ে ছবিগুলো নিয়মিতভাবে মুক্তি পেলে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য দারুণ এক বছর হওয়া সম্ভব বলে মনে করেন অনেকেই।

ইত্তেফাক/কেকে