মাঠে ফিরছেন তামিম-রিয়াদ

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৮:৪৮

প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুজনের লম্বা বিরতি পড়েছে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের পর ম্যাচ খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের পর থেকে ম্যাচের বাইরে তামিম ইকবালও। আঙুলের ইনজুরিতে প্রায় তিন মাস প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। টানা অনুশীলনের মাধ্যমে এখন মাঠে ফেরার প্রস্তুতি সেরেছেন তারা।

আজ দুজনই মাঠে ফিরছেন। ইন্ডিপেনডেন্স কাপের দ্বিতীয় ম্যাচে খেলবেন তামিম-রিয়াদ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেননি তারা। ওয়ানডে ফরম্যাটের এ টুর্নামেন্টে আজ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদকে দেখা যাবে বিসিবি উত্তরাঞ্চলের জার্সিতে। 
গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। সিলেটে তামিমের দল পূর্বাঞ্চল মুখোমুখি হবে বিসিবি দক্ষিণাঞ্চলের। ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে লড়বে রিয়াদের উত্তরাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট স্টেডিয়াম একাডেমি মাঠে দুটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েছিল উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটে হারিয়েছিল উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল ২২ রানে জিতেছিল পূর্বাঞ্চলের বিপক্ষে।

ইত্তেফাক/এমআর