মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন রেজাউল হোসেন।
রবিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। ইউসিবি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’ নামে দেশজুড়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করছে।
বাংলাদেশের টেলিকম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রেজাউল হোসেন এর আগে কাজ করেছেন গ্রামীনফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশসহ বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির নেতৃস্থানীয় পর্যায়ে।
উপায়-এ যোগদানের পূর্বে রেজাউল হোসেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস স্টার্টআপ ‘নগদ’ অন্যতম। ২০১৮ সালে তিনি কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তার সঙ্গে মিলে ‘নগদ’ প্রতিষ্ঠা করেন। এর পূর্বে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে বিকাশে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন।
