ঠাকুরগাঁওয়ে অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৪৯

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি পুলিশের অভিযানে ভারতীয় নাগরিকসহ ১০ জন আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবাও উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল হক প্রধান।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গির আমজানখোর ইউনিয়নে সীমান্ত এলাকায় যায় পুলিশ। অপরিচিত একটি মাইক্রোবাস দেখে তাদের থামতে বলা হলে, না থেমে তারা পালিয়ে যায়। আটকের সময় মাইক্রোবাস থেকে নেমে পুলিশের উপরে গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। একপর্যায়ে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক হয়। সেসময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২ টি ইয়াবা উদ্ধার হয়।

আটককৃতরা হলেন, ভারতীয় নাগরিক গফুর আলম (২৫) পিতা জালাল, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউপির বাসিন্দা দেলোয়ার হোসেন (২৮)পিতা খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক (২৩) পিতা সলেমান আলি, বিকাশ পাল (৩৫) পিতা দিপেন পাল, জাকির হোসেন (২৫) পিতা রফিকুল ইসঃ, হজরত আলী (২৭) পিতা কাশেম আলী, মনিরুল ইসঃ (৩২) পিতা মৃত শুকুদ্দী, বিষ্ণু পাল (২৯) পিতা কারবারু। একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নাসিরুল ইসলাম (২৪) পিতা সামসুর রহমান, পশিরুল ইসঃ (২৮) পিতা মৃত ধন মোহাম্মদ। এছাড়াও পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

এই বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রি (সর্বমোট ৩টি) মামলা এজাহারভুক্ত করে আটোয়ারি থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম