পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অভিনব উপায়ে প্রতারণা করে আসছিলেন মাহবুবুর রহমান। সরকারি-বেসরকারি অফিসে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি।
গতকাল মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকা থেকে মাহবুবকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে তদবির বাণিজ্য করে আসছিলেন।
তিনি বলেন, মতিঝিল থানায় দায়ের করা মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন এবং অবৈধ সুবিধা দেওয়ার কথা বলে আসামির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেন মাহবুব। এ ছাড়া প্রভাব বোঝানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন-সংক্রান্ত ফাইন্যান্সিয়াল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, সিআইডি, মালিবাগ, ঢাকার একটি ভুয়া অফিস আদেশ তৈরি করে আসামির কাছে দেন। আসামিপক্ষ এর সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন মারফত জানার চেষ্টা করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আসে। এরপরই সিআইডি তদন্ত শুরু করে। বিশেষ পুলিশ সুপার আরো বলেন, মাহাবুব সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে অনেক লোককে চাকরিতে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

বাংলাদেশ থেকে সার কিনতে আগ্রহী ভুটান