কটিয়াদীতে নিখোঁজের এক মাস পরও সন্ধান মেলেনি বর্ষীয়ান সিপিবি নেতা আব্দুল হাসিম (৬৫)। চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন গত বছরের ৭ ডিসেম্বর গ্রামের এক সদস্য প্রার্থীর সঙ্গে উপজেলা সদরে গিয়ে নিখোঁজ হন তিনি।
এরপর বহু জায়গায় খোঁজাখুজি করেও হদিস না পেয়ে তার ছোটভাই আব্দুর রহমান এ ঘটনায় কটিয়াদী থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের প্রায় এক মাস পাঁচ দিন পার হলেও তার কোন সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তার শেষ নেই হাসিমের পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের।
উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, নিখোঁজ আব্দুল হাসিম উপজেলার মানিকখালী আঞ্চলিক শাখার সিপিবির সদস্য ও চান্দপুর ইউনিয়ন কৃষক সমিতির সদস্য ছিলেন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের মৃত শহর আলীর ছেলে। ইউপি নির্বাচন উপলক্ষে তার গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে প্রতীক বরাদ্দের দিন উপজেলা সদরে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, নিখোঁজ সিপিবি নেতা আব্দুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আশা করছি খুব শীঘ্রই তাকে খোঁজে পাওয়া যাবে।
