অভিবাসন ফর্মে ভুল ছিল বলে অবশেষে স্বীকার করেছেন পুরুষ বিভাগে বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। একই সঙ্গে এটাও বলেছেন যে, করোনা আক্রান্ত হওয়ার পর একজন সাংবাদিকের সঙ্গেও দেখা করেছিলেন। নিজের ইন্সটাগ্রাম পোস্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি (বিবৃতি) দিয়ে এসব কথা জানিয়েছেন সার্বিয়ান এই তারকা। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ব্যাপারে আশা করছেন নোভাক জোকোভিচ। কিন্তু ভিসা ইস্যুতে এখনো শঙ্কা রয়ে গেছে।
জোকোভিচের করোনা প্রতিষেধক টিকা ছিল না। তারপরও বাংলাদেশ সময় ৫ জানুয়ারি মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে নামেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলার উদ্দেশে তিনি সেখানে যেতে চেয়েছিলেন। টিকার শর্ত শিথিল করেই তাকে ভিসা দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ার এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে অনুমতি পান। কিন্তু মেলবোর্ন বিমানবন্দরে নামার পরই তাকে আটক করে দেশটির অভিভাসন বিভাগ এবং ভিসাও বাতিল করা হয়।
যদিও গত সোমবার (১০ জানুয়ারি) আদালতে এক শুনানিতে ভিসা বাতিল নয় বরং জোকোভিচকে ভিসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। তাছাড়া আইনি লড়াইয়ে নাম্বার ওয়ান পুরুষ টেনিস তারকার যা খরচ হয়েছে তা অস্ট্রেলিয়া সরকারকেই বহন করতে হবে। কিন্তু আদালতে এমন জয়ের পরও অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের খেলা নিয়ে রয়েছে নতুন শঙ্কা।
অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী, যে কোনো বিদেশি নাগরিকের ভিসা বাতিল করার ক্ষমতা রাখেন দেশটির অভিবাসন মন্ত্রী। সেটা যে কারণেই হোক, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক সে পথেই হাঁটছেন। তবে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শঙ্কা থেকেই যাচ্ছে।
