ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:৪০

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাই রাজধানী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ২২ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৯১ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারা দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

ইত্তেফাক/এমএএম