পিঠাপুলির সুবাসে ইবিতে পৌষ উৎসব

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৮:৩১

‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পৌষ উৎসব-১৪২৮ উদযাপিত হয়েছে। 

বুধবার (১২ জানুয়ারি) বাংলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ এর উদ্বোধন করেন। এর আগে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষদ ভবন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এসে শেষ হয়। 

অনুষ্ঠানে পৌষ উৎসবের অংশ হিসেবে পিঠা বিলাসের আয়োজন করা হয়। এতে বাঙালির ঐতিহ্যবাহী পুলি পিঠা, পাটি সাপটা, জামাই পিঠা, ভাপা পিঠা, নকশী পিঠা, প্রেমপত্র, ভালবাসার গোলাপ, শঙ্খসহ বাহারি নাম আর রূপের অন্তত ৩৬ রকমের মুখরোচক পিঠা পরিবেশন করা হয়। এছাড়া, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এসময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইত্তেফাক/এমএএম