গুয়ানতানামোতে মানবাধিকার লঙ্ঘন, নিন্দা জাতিসংঘের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০১:৫৯

জাতিসংঘের মানবাধিকার পরিষদ নিযুক্ত স্বতন্ত্র বিশেষজ্ঞদের একটি দল কিউবায় অবস্থিত গুয়ানতানামো বে আটককেন্দ্রের কার্যক্রম অব্যাহত থাকায় নিন্দা জানিয়েছে। ‘অতুলনীয় কুখ্যাত’ এই আটককেন্দ্রটিকে ‘আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিশ্রুতিতে দাগ’ বলেও অভিহিত করেছেন তারা।

আফগানিস্তানে আটক বন্দিদের রাখতে ২০০২ সালে গুয়ানতানামো বে-র মার্কিন নৌঘাঁটিতে এই আটককেন্দ্রটি বানানো হয়; এখানে সব মিলিয়ে ৭৮০ জনের মতো বন্দি ছিল, যাদের বেশির ভাগকেই বিচারবহিভূ‌র্তভাবে আটকে রাখা হয়েছিল বলে ইউএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। গুয়ানতানামাতে এখন যে ৩৯ বন্দি আছে, তাদের মধ্যে ৯ জন হয় দোষী সাব্যস্ত কিংবা তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত এখানে ৯ বন্দির মৃত্যু হয়েছে। দুই জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, বাকিরা আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে। 

কুখ্যাত এই কারাগারে প্রথম বন্দি ঢোকার ২০ বছর পূর্তিতে সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ নিযুক্ত বিশেষজ্ঞরা মানবাধিকার পরিষদের নবনির্বাচিত সদস্য যুক্তরাষ্ট্রের প্রতি আটককেন্দ্রটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এএইচপি