‘এইচএসসি পরীক্ষা শেষে বেকার ছিলাম। সুযোগ পেয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খণ্ডকালীন বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছি। এতে আয়ের পাশাপাশি অভিজ্ঞতাও হচ্ছে’। বাণিজ্য মেলায় কাজের প্রসঙ্গে এভাবেই অনুভূতির কথা বলছিলেন শিক্ষার্থী বৃষ্টি আক্তার। তিনি গাজী গ্রুপের প্যাভিলিয়নে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। শুধু বৃষ্টি আক্তারই নন, তার মতো আরো অনেকেই পড়াশুনা শেষ করা চাকরিপ্রার্থী অথবা হঠাৎ করে বেকার হয়ে পড়েছেন। যাদের মধ্যে অনেকেই বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরি করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাণিজ্য মেলাকে ঘিরে এ রকম কয়েক হাজার তরুণ-তরুণীর খণ্ডকালীন চাকরির ব্যবস্হা হয়েছে। স্টলে বিক্রয়কর্মী ছাড়াও কেউ হিসাবরক্ষক, খাবার সরবরাহকারী, প্রহরীসহ বিভিন্ন পদে কাজ করছেন।
খাবারের দোকান ‘পূর্বাচল মি. ব্রাইটে’র স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. খোকন বলেন, তার স্টলে ৪০ জন তরুণ বিভিন্ন বিভাগে কাজ করছেন। আরেক খাবারের স্টল বিজয়-৭১’র স্বত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, তার স্টলের অধিকাংশ কর্মচারীই বেকার ছিলেন। তাদের নিয়েই চলছে এ প্রতিষ্ঠান।
সেভয় আইসক্রিমের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের শিক্ষার্থী পুষ্প রহমান সোহা। তিনি বলেন, ‘লেখাপড়ার খরচ জোগাতেই এ কাজে প্রথম বারের মতো যোগদান করেছি। তাতে আয় এবং অভিজ্ঞতা দুই-ই অর্জন হচ্ছে। এ ছাড়া মেলাকে ঘিরে আশ-পাশের ইজিবাইক, রিকশাচালক, অটো চালক-হেলপারসহ ইলেক্টি্রশিয়ান, ডেকোরেটরের মালিক সবারই আয় বেড়েছে। মেলার জন্য অটো, সিএনজিচালিত অটোরিকশা চলছে দেদার। সুযোগ পেয়ে তারা যাতায়াত ভাড়া দেড় থেকে দুই গুণ বাড়িয়ে দিয়েছেন। অথচ অন্য সময় তাদের সংসার চলে অভাব-অনটনের মধ্যে।
শুধু যাতায়াত ভাড়াই নয়, মেলার কারণে ব্যাপক কর্মসংস্হানের সৃষ্টি হওয়ায় বাণিজ্য মেলার আশ-পাশ এলাকায় বাড়ি ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। সরজমিনে দেখা গেছে, পূর্বাচলে মেলার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গুতিয়াবো, মধুখালী, পিতলগঞ্জ, মনিপাড়া, মাঝিপাড়া, শিমুলিয়া, বাগরাইয়ারটেক, গোবিন্দপুর, কালনী, টেকদাশেরদিয়া, ব্রাহ্মণখালীসহ প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা জুড়ে বাড়ি ভাড়ার রমরমা অবস্হা। ৫ হাজার টাকা মূল্যের বাসাভাড়া এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে বাড়ির মালিকরা বলেছেন, বাণিজ্য মেলা চলবে এক মাস। বাসা খালি করে পুনরায় ভাড়া দিতে সময় লাগবে আরো এক মাস। তাই ক্ষতি পোষাতেই বাসাভাড়া বাড়ানো হয়েছে।
বাণিজ্য মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বাণিজ্য মেলাকে ঘিরে অনেকেরই নতুন কর্মসংস্হানের সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্হানীয়দের জন্য মেলা আশীর্বাদ। গত ১ জানুয়ারি পূর্বাচলের স্হায়ী কমপ্লেক্সে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে।
