করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে বিধিনিষেধের অংশ হিসেবে আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে বাস চলাচল করবে। তবে এ ক্ষেত্রে নতুন করে ভাড়া বাড়ানো হয়নি। বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করবেন বাসমালিকরা।
গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহনের বিষয়ে বাসমালিকদের নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বনানীর বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধি, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করাসহ নানা বিষয় তুলে ধরেছেন পরিবহন মালিকরা। দুই ঘণ্টার বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বৈঠকে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা প্রস্তাব করেছেন, বিধিনিষেধ চলাকালে বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহন করা হলে মালিকদের লোকসান গুনতে হবে না। ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হলে রাজধানীতে পরিবহন সংকট চরম আকার ধারণ করবে ও যাত্রীদের দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছাবে। এ অবস্থায় বাস ও বাস টার্মিনালে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এখন যেভাবে বাস ও মিনিবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে সেভাবে শতভাগ যাত্রী পরিবহন করা উচিত। বিআরটিএ চেয়ারম্যান বলেন, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শনিবার থেকে প্রথম পৃষ্ঠার পর নূর মোহাম্মদ মজুমদার বলেন, এখন বাস ভাড়া বাড়ানো যৌক্তিক হবে না। কারণ গত নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। এ বিষয়টি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের ব্যাপক আলোচনা হয়েছে। তারা সর্বশেষে একমত হয়েছেন যে ভাড়া বাড়ানো হলে যাত্রীদের ওপর বেশি চাপ তৈরি করা হবে এবং এটি এ মুহূর্তে বাড়ানো যৌক্তিক হবে না।
তবে বৈঠকে বিধিনিষেধের মধ্যেও সব সিটে যাত্রী বহনের দাবি জানান বাসমালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, প্লেন যেভাবে সব সিটে যাত্রী নেয়, সেভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সব সিটে যাত্রী বহনের দাবি জানিয়েছি। চালক-শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার দাবি করছি। আমরা কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করতে চাই না। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বৃহস্পতিবার (আজ) থেকে বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনে সরকারের নির্দেশনা রয়েছে। তাই বাস ভাড়া নির্ধারণ নিয়ে গতকাল মালিক সমিতির নেতাদের নিয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেছি। মালিকদের সবাই বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহনের পক্ষে মত দিয়েছেন। তাই আগামী শনিবার থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে।
