বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নতুন করে দুই বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দলটির মিডিয়া বিভাগ গতকাল জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও আফগানিস্তানের করিম জানাত এবার কুমিল্লার হয়ে খেলবেন। ড্রাফটের বিদেশি ক্রিকেটারদের তালিকা থেকে তাদেরকে দলভুক্ত করা হয়েছে। ডেলপোর্ট আগেও বিপিএলে খেলেছেন। তবে করিম জানাত এবারই প্রথম বিপিএলে নাম লেখালেন। ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগগুলোতে ডেলপোর্ট বেশ পরিচিত মুখ। বিপিএল ছাড়াও আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএলে খেলেছেন ৩২ বছর বয়সী এ প্রোটিয়া ক্রিকেটার।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটের আগেই সরাসরি ফাফ ডু প্লেসিস, মঈন আলী ও সুনীল নারিনকে দলে নিয়েছিল কুমিল্লা। ড্রাফট থেকে তারা দলে নিয়েছিল কুশল মেন্ডিস ও ওশানে থমাসকে। এদিকে দেশী ক্রিকেটারদের মধ্যে এনামুল হক জুনিয়র ও জাকির হাসানকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
