নতুন চমক নিয়ে হাজির আরিফিন শুভ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:২১

পরনে হাসপাতালের পোশাক, ছোট চুল, ছোট দাড়ি। চোখের নিচে কালি, হাতে ধরা কোনো মেয়ের রং ওঠা ছবি। দেখা যাচ্ছে পাগলের মতো। পেছনের দেয়ালে এলোমেলো আঁকিবুঁকি। উস্কো-খুস্কোভাবে হাজির হলেন আরিফিন শুভ।

এবারের চমকের উৎস তার নতুন সিনেমা ‘নূর’। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমায় তার লুক। পোস্টার দেখে ধারণা করা যায়, ভালোবাসার অপ্রাপ্তি তাকে এ অবস্থায় নিয়ে এসেছে।

এ নিয়ে এখনই কিছু বলেননি শুভ। শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই যে তুমি পাশেই আছ কিন্তু আমার কাছে নাই/আমার মতো এমন জীবন কেউ কখনো বাঁচে নাই!’

নূর সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এটি শুভ-ঐশীর জুটির দ্বিতীয় সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

ইত্তেফাক/বিএএফ