১৮ বছর আগের হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৪৩

কক্সবাজারে ১৮ বছর আগের হত্যা মামলায় আবদুল খালেক (৩৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দিয়েছেন।

খালেক কক্সবাজার সদরের ঝিলংজা চান্দের পাড়ার কালু মাঝির ছেলে। একই মামলায় মোহাম্মদ কাজল, আমির হামজা, সলিম উল্লাহ ও আবদুল গাফফার নামে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন মামলায় অভিযুক্ত আবদুল জলিল, আশফাকুর রহমান মিল্কী এবং ওবায়দুল হক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুলাই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে ক্যাফে হায়দার হোটেলের কাছে জনৈক শাহাবুদ্দিনের একটি গাড়ি আসামিরা ভিন্ন চাবি ব্যবহার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তা দেখতে পেয়ে শাহাবুদ্দিনের বড় ভাই আক্তার উদ্দিন তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ৩টার দিকে আসামিরা এসে আক্তার উদ্দিনকে (৩৫) গুলি করে হত্যা করে। এ ঘটনায় উখিয়ার রত্নাপালংয়ের জমির উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।