‘সিনেমাটি ভালো না খারাপ হচ্ছে সেটা আমরা দর্শকদের ঠিকভাবে জানাতে পারছি না। সিনেমাটি সম্পর্কে দর্শকদের জানানো এবং হলে যাওয়ার জন্য তাদের আগ্রহী করে তোলার প্রক্রিয়ায় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। ফলে আমরা দর্শকদের কাছে পৌঁছাতে পারছি না। আমরা ভাবছি ফেসবুকে কয়েকদিন প্রচারণা চালালেই দর্শকরা হলে আসবেন। বিষয়টি আসলে তেমন না।’—নতুন ছবিগুলোর হলে দর্শক টানতে না পারার কারণ প্রসঙ্গে কথাগুলো বলেন গুণী চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
সম্প্রতি তিনি নির্মাণ শেষ করেছেন ‘গুনিন’ সিনেমাটির কাজ। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
এ প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘আমরা সিনেমাটির সব কাজ শেষ করে চরকির কাছে জমা দিয়েছি। এখন মুক্তির বিষয়টি তাদের হাতে। শিগগিরই ভালো একটি সময়ে সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে। এরপর ওটিটিতেও আসবে সিনেমাটি।’
সিনেমাটির গল্প নিয়ে তিনি আরো বলেন, ‘একটি আদিম গ্রামের অলৌকিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সেলিমের ‘পাপ-পূণ্য’ সিনেমাটি। তবে করোনার কারণে আবারো নতুন করে পেছানো হচ্ছে অনেক সিনেমা মুক্তির তারিখ।
সেই জায়গায় আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে জানতে চাইলে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘সিনেমাটি মুক্তির কথা ছিল আগামী ৪ তারিখ। তবে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে এবং সিনেমা হলে দর্শক সিটের সংখ্যাও অর্ধেক করা হয়েছে, তাতে মনে হচ্ছে মুক্তি পিছিয়ে যেতে পারে। সবকিছু আসলে পরিস্হিতির ওপর নির্ভর করছে।’
অন্যদিকে এরইমধ্যে ওটিটি মাধ্যমেও চলচ্চিত্র মুক্তির প্রচলন শুরু হয়েছে। তবে এ বিষয়ে সেলিম মনে করেন, যে সিনেমাটি হলের জন্য তৈরি হয়েছে সেটি আগে হলেই মুক্তি দিতে হবে, পরে ওটিটিতে। পাশাপাশি ওটিটির জন্য নির্মিত ওয়েব ফিল্ম ওটিটিতে আগে মুক্তি দেওয়া যেতেই পারে। এদিকে দেশের চলচ্চিত্র সংকট দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই নতুন মাধ্যম ওটিটি নিয়ে আশার কথা শোনাচ্ছেন।
মাধ্যমটি নিয়ে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘ওটিটি নতুন একটি মাধ্যম। তবে এখানে কাজ করতে আমি ব্যক্তিগতভাবে বেশ স্বাচ্ছন্দবোধ করছি। সামনে আরো সিনেমা নির্মাণের ইচ্ছেও আছে। এতে হলের সঙ্গে সাংঘর্ষিক কিছু নেই। দুটি মাধ্যমেই নির্মাতাদের কাজের স্বাধীনতা আছে এবং প্রত্যেক জায়গাতেই নির্মাতারা নিজেদের চিন্তাধারার বহিঃপ্রকাশই ঘটাবেন।
ইত্তেফাক/বিএএফ

কপিল শর্মার বায়োপিক নির্মাণের ঘোষণা