ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়কত্ব দেওয়া হবে না পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এ বিষয়ে পরিষ্কার জানিয়েছেন কোচ রাফ রাগনিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
সমর্থকদের একটা বড় অংশ রোনালদোকে অধিনায়ক হিসেবে চাইলেও, সহসাই তা হচ্ছে না। নতুন বছরের প্রথম ম্যাচে ওলভসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক হ্যারি মাগুইরের অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরেছিলেন রোনালদো। সেই ম্যাচটি ০-১ গোলে হেরে গিয়েছিল রেড ডেভিলসরা। পরে পেশির ইনজুরির কারণে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
মাঝে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ইউনাইটেডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যাদেরকে পরামর্শ দেওয়া হলে সেটি তারা মানতে নারাজ। এই সাক্ষাৎকারের পরই মূলত রোনালদোকে অধিনায়ক করার দাবি ওঠেছে।
তবে ইউনাইটেড কোচ রাগনিক সাফ জানিয়েছেন, এখন মাগুইরেকে সরিয়ে রোনালদোকে স্থায়ী অধিনায়কত্ব দেওয়ার কোনো পরিকল্পনাই নেই দলের। শুধু তাই নয়, যতদিন মাগুইরে ইউনাইটেডে আছেন, ততদিন তিনিই অধিনায়ক থাকবেন।
রাগনিক বলেছেন, ‘এই মুহূর্তে আমি রোনালদোকে স্থায়ীভাবে অধিনায়ক করার কোনো কারণ দেখছি না। কারণ এখন পর্যন্ত মাগুইরে অধিনায়ক আছে এবং যতদিন সে খেলবে অধিনায়কত্ব করবে।’
