নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ, র্যাব, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের দিন বহিরাগত কাউকে সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। ১৮ বছরের উপরে সবাইকে এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে। ভোটাররা কেন্দ্রে নিশ্চিন্তে ভোট দিতে আসবেন।
অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান উপস্থিত ছিলেন।
আগামীকাল (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদ অধিবেশনকে ঘিরে যে বিধিনিষেধ দিলো ডিএমপি