ময়মনসিংহের পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩:২৪

যোগাযোগ সচিবের অনুরোধে এবং আলোচনার আশ্বাসে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে ময়মনসিংহের পরিবহন মালিক নেতারা। আজ রোববার বেলা পৌনে এগারোটায় ময়মনসিংহের পরিবহন মালিক নেতারা ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়।

এর আগে গতকাল শনিবার বিকালে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী সকল বাস ও ট্রাক বন্ধের ঘোষণা দেয় ময়মনসিংহ জিলা মোটার মালিক সমিতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত  বেহাল মহাসড়ক সংস্কারের দাবিতে এ ধর্মঘট ঘোষণা দেওয়া হয়। ঘোষণা প্রচার করতে গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরে মাইকিং করা হয়।

আজ রোববার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি মোনতাজ উদ্দিন, সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ চেম্বারের জ্যোষ্ট সহসভাপতি শংকর সাহা প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, যোগাযোগ সচিবের অনুরোধে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আগামী ২৬ জানুয়ারি সড়ক সংস্কারের দাবির বিষয়টি নিয়ে ময়মনসিংহের পরিবহন মালিকদের সঙ্গে আলোচনায় বাসবেন। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার থেকে শুরু হওয়া ধর্মঘট স্থগিত করা হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে সকাল থেকে বাস বন্ধের কারণে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করা হয়।  প্রকাশ, এর আগে গত ২ জানুয়ারি ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কর্মাস ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৫জানুয়ারি মধ্যে সড়কের ওই অংশটি চলাচলের উপযোগী করা নাহলে বাস ও ট্রাক বন্ধের হুশিয়ারি দিয়েছিল। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এফবিসিআইয়ের সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম ও পরিবহন মালিক সমিতির নেতারা। ওই সংবাদ সম্মেলনের বলা হয় সড়কের গাজীপুরের অংশ বেহলা থাকার কাড়নে বাস ও ট্রাক চলাচল করা সম্ভব হচ্ছিল না। বেহাল সড়কের কাড়নে বাস ও ট্রাকে অতিরিক্ত জ্বালানি অপচয় হচ্ছিল। জ্বালানি অপচয়ের এক পরিসংখ্যা উপস্থাপন করে সংবাদ সম্মেলনে বলা হয়েছি প্রতিদিন গড়ে ১ কোটি ৬১ টাকার বেশি জ্বালানি অপচয় হয়। এছাড়া গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে আরও অপচয় হয়।

ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নেতারা আরও জানান, বর্তমানে বাংলাদেশের নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে দ্রুত গতিতে। অথচ ময়মনসিংহ- ঢাকা মহাসড়কের গাজীপুর অংশে বেহলা সড়কটি চার বছর ধরে বেহাল থাকলেও সংস্কার হচ্ছে খুব ধীর গতিতে। এর পেছনে সরকারের কতিপয় আমলার ষড়যন্ত্র রয়েছে।

 

 

 

ইত্তেফাক/কেকে