স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে রাষ্ট্রদূতরাও মত দিয়েছেন।’ সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট জালিয়াতির সুযোগ থাকলেও ইভিএমে তা সম্ভব নয়।’ তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গোটা জাতি দেখেছে। মিডিয়া সরাসরি দেকিয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার পরও বিপুল ভোটে বিজয়ী হয়েছে (আওয়ামী লীগ)। অনেক জায়গায় দূরের গল্প আমরা শুনি।
কিন্তু যে নির্বাচনটা হলো, সেটা পুরো জাতির ও আন্তর্জাতিক মহল প্রত্যক্ষ করেছে। কাল রাষ্ট্রদূতরাও এই কথাটি বলেছেন। আলোচনার অংশ হিসেবে এ বিষয়টা এসেছে যে, ফ্রি অ্যান্ড ফেয়ার। ডিপ্লোম্যাটদের কাছে এই মেসেজটা গেছে যে, বাংলাদেশের নারায়ণগঞ্জে ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বাংলাদেশে অন্য ম্যানুয়াল প্রসেসে যে ভোটগুলো হয়, সেগুলো নিয়ে কিছু কিছু বিতর্ক আছে। ইভিএমে যে নির্বাচন হয়েছে সেটি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, এটা তারা শেয়ার করেছেন।
ইভিএমে কারচুপির বিষয়ে পরাজিত প্রার্থীর অভিযোগ বিষয়ে মন্ত্রী বলেন, পরাজিত হলে প্রার্থীরা এমনটা বলেন। এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। কোনো মেশিনে ত্রুটি থাকে না, কোনো মানুষ অসুস্থ হয় না; এ কথাটা পৃথিবীতে কেউ বলতে পারবে না। তবে কতটুকু খারাপ ছিল? হয়তো ভোট দিতে গিয়ে এটা দেখা গেলো আমি দেওয়ার পর আরেকজন দিতে গিয়ে কোনো রকম সেটিংস চেঞ্জ হয়ে গেছে। তাৎক্ষণিক সেটি আবার ঠিক করে দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি।’
