পাবনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:২১

পাবনার কাশিনাথপুরের যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন আলী (৩৪) নামে এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুরের দ্বারিয়াপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার এস আই ইছাহাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত লিটন আলী পাবনার ফরিদপুর উপজেলার হাদল গোয়াল গাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এস আই ইছাহাক আলী জানান, সোমবার পিয়াস নামের যাত্রীবাহী একটি বাস কাজিরহাট থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে বাসটি পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুরের দ্বারিয়াপুর নামক স্থানে পৌঁছালে উল্টোদিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটর সাইকেলের চালক লিটন আলী নিহত হয়। 

তিনি আরও জানান, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। 

ইত্তেফাক/এআই