সৌদি আরবে প্রায় ৪ হাজার ৫০০ বছর পুরনো রাজপথের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল এই প্রাচীন সমাধি গুলো। সেগুলোকে যুক্ত হয়েই তৈরি হয়েছে একটি রাজপথ।
এই স্থাপত্য নিয়ে বেশ কয়েক বছর ধরে ব্যাপক গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকেরা। শুধু তাই নয়। তারা খননকাজ পরিচালনা ও স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণসহ হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে জরিপ চালিয়েছেন। পাশাপাশি ভূমি থেকেও জরিপ করেছেন।
গত ডিসেম্বরে হলোসেন জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে ওই রাজপথকে ‘অন্ত্যেষ্টিক্রিয়ার সড়ক’ হিসেবে চিহ্নিত করেন গবেষকেরা। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে আল-উলা ও খাইবার এলাকার মধ্যে এর অবস্থান।
গবেষক মেলিসা কেনেডি জানান, ওই এলাকাজুড়ে যেসব প্রাচীন সমাধি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, সেগুলো প্রায় ৪ হাজার ৫০০ বছরের পুরনো। যেহেতু সমাধিগুলোকে যুক্ত করার পরিকল্পনা থেকে রাজপথটি নির্মাণ করা হয়, তাই এটির বয়স প্রায় ৪ হাজার ৫০০ বছর বলে ধারণা করা হচ্ছে। অবাক করার বিষয় হলো, দেশটির ওই এলাকায় এখনকার অনেক আধুনিক সড়ক প্রাচীন ওই রাজপথ অনুযায়ী নির্মাণ করা হয়েছে।
রাজপথটির বিষয়ে গবেষক ম্যাথু ডালটন বলেন, সৌদি আরবের ওই এলাকার মানুষ হাজার বছর ধরে পূর্বপুরুষদের কাছ থেকে সড়কটির বিষয়ে শুনে এসেছে। তবে এ বিষয়ে প্রামাণ্য দলিলপত্র ঘেঁটে এবারই প্রথম গবেষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, এখনো কোথাও কোথাও প্রাচীন ওই রাজপথের অস্তিত্ব দৃশ্যমান। এটা অভাবনীয়! এ গবেষণার মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলের প্রাচীন সমৃদ্ধ ইতিহাস নতুন করে সামনে এসেছে।
