নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার দাউদপুর গ্রামে নির্বাচনি সহিংসতায় আহত হওয়ার তিন সপ্তাহ পর শৈলেন ভৌমিক (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি নিজ বাড়িতে মারা যান।
স্থানীয়রা জানান, গত ২৭ ডিসেম্বর পঞ্চম ধাপে খালিয়াজুরী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চাকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদে দাউদপুর গ্রামের অজিত মহলানবীশ জয়ী হন। পরাজিত হন একই গ্রামের যতীন্দ্র মহলানবীশ। নির্বাচনের পরদিন যতীন্দ্র ও অজিতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে দেশীয় অস্ত্রের আঘাতে অজিতের সমর্থক শৈলেন ভৌমিক, বিপ্লব, অনিক ও অপুসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের খালিয়াজুরী, জেলা সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে শৈলেন ভৌমিক চোখে এবং কপালে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
এরপর চারদিন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। তখন থেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে সোমবার দুপুরে তিনি বাড়িতেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর অজিত মহলানবীশ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। ময়নাতদন্তে হত্যার অভিযোগ প্রমাণিত হলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার নেত্রকোনা সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
