নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস পুকুরে পড়ে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনারগাঁ থানায় কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে আরেকজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে কাজী সালেহ আহম্মেদ, শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম মাইক্রোবাসে থানায় ফিরছিলেন। পথে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলামকে মূমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
