সংযুক্ত আরব আমিরাতে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার আবু ধাবিতে হামলার বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, হামলায় পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কয়েকটি ড্রোন ছিল।
হুথির মিলিটারি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আরব আমিরাতের আবু ধাবি, দুবাই বিমানবন্দরে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়। আবুধাবির মুসাফাহ এলাকায় একটি তেল শোধনাগার এবং আরব আমিরাতের অন্যান্য 'সংবেদনশীল' জায়গা ছিল হামলার লক্ষবস্তু।
আল মাসিরাহ টিভি চ্যানেলে ইয়াহিয়া সারি আরও বলেন, সশস্ত্র বাহিনী ইয়েমেনি হারিকেন নামে একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে।
সোমবার আরব আমিরাতের আবু ধাবিতে হুথির জোড়া ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’ জন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। আহত হয়েছেন আরো ৬ জন।
আবু ধাবি পুলিশ জানিয়েছে, মুসাফফাহ শিল্পাঞ্চলের কাছে তেল কোম্পানি এডিএনওসির একটি গুদামের পার্শ্ববর্তী এলাকায় তিনটি তেলবাহী ট্যাংকার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি নির্মাণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। আল জাজিরা।
