ইন্দোনেশিয়ার রাজধানী হিসেবে আর জাকার্তা থাকছে না। দেশটির সবচেয়ে বড় শহরটি থেকে রাজধানী সরিয়ে বর্নিও দ্বীপের কালিমানতান এলাকায় নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার এ নিয়ে আইন পাশ করা হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর উচ্চাভিলাষী ৩২ বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের প্রস্তাবনাকে বৈধ কাঠামোর মধ্যে এনেছে। ওই প্রস্তাবনায় রাজধানীর উন্নয়নে তহবিল বরাদ্দ এবং শাসনের বিষয় রয়েছে। নতুন রাজধানীর নাম হবে ‘নুসানতারা’। জাভা ভাষা থেকে নেওয়া এই নামটি প্রেসিডেন্ট জোকো উইদোদো নিজে পছন্দ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা।
তিনি আরও বলেন, ‘নতুন রাজধানী দেশের শাসন ব্যবস্থার কেন্দ্র হবে। একই সঙ্গে এটি জাতির পরিচিতির প্রতীকে পরিণত হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্রেও পরিণত হবে।’
ইন্দোনেশিয়ার পার্লামেন্টের স্পিকার পুয়ান মহারানি বলেন, ‘রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের বিষয়ে একটি বিলের অনুমোদন দিয়েছে আইনসভা।’
