মোংলায় গুঁড়িয়ে দেওয়া হলো সাড়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০০:৫৭

মোংলা-খুলনা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল বুধবার অভিযানের প্রথম দিনে মোংলার দিগরাজসহ আশপাশের সাড়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মহাসড়কের দিগরাজ, বগুড়া ব্রিজ, ভাগা ও ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকার অধিগ্রহণ করা প্রায় ১০ একর সম্পত্তি উদ্ধার করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায়ের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনিন্দিতা রায় বলেন, সড়কটি ছয় লেন করার জন্য সড়কের দুই পাশে ২০ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হচ্ছে। বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনার পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন প্রকার মালামাল অপসারণ করছি। যাতে ছয় লেনের কাজে কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়।

ইত্তেফাক/ ইআ